স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রীরও মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রীরও মৃত্যু
প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে।

নিহতরা হলেন বলদিপাড়া গ্রামের আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন আবু সাইয়েদ। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান স্ত্রী রাবেয়া বেগম। স্বামীকে খালি হাতে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই আবু সাইয়েদের মৃত্যু হয় এবং এর কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রীও প্রাণ হারান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই বাড়িতে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।