ট্রাক উল্টে পথচারী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

লালমনিরহাটে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা সড়ক অবরোধ করেন।
শুক্রবার (১ মে) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মনছের আলী (৬৩) ওই এলাকার পয়ের উল্ল্যাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মনছের আলী নিজ বাড়ির পাশে মরিচ ক্ষেত দেখতে গিয়েছিলেন। এসময় লালমনিরহাটগামী একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে সরাসরি তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকার পর লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এছাড়া অভিযোগ না পাওয়ায় আটককৃত চালক ও হেলপারকেও ছেড়ে দেওয়া হয়েছে।