মেহেরপুরে অনলাইন ক্যাসিনো চক্রের হোতা ওয়াসিম গ্রেপ্তার

অনলাইন ক্যাসিনো ও জুয়ার চক্রে জড়িত থাকার অভিযোগে আলোচিত এজেন্ট ওয়াসিম হালদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে সাইবার সুরক্ষা আইনের একটি বিচারাধীন মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল কোমরপুর গ্রামের স্থানীয় একটি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ওয়াসিম হালদার মুজিবনগর থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পূর্বের বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, ওয়াসিম হালদার বাংলাদেশে ‘1xBet’ অনলাইন ক্যাসিনোর প্রাথমিক পর্যায়ের এজেন্টদের একজন হিসেবে পরিচিত। তিনি শুধু বাংলাদেশেই নয়, ভারতেও এই অনলাইন জুয়ার এজেন্ট নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
মেহেরপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের বিচারাধীন সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও বলেন, ওয়াসিমের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষা-নিরীক্ষায় যদি অনলাইন জুয়া কিংবা অন্য কোনো সাইবার অপরাধের তথ্য-প্রমাণ মেলে, তবে তার বিরুদ্ধে নতুন করে আইন অনুযায়ী পৃথক মামলা করা হবে।
.png)


