রাজনৈতিক অবমূল্যায়নের অভিযোগ তুলে ছাত্রদল নেতার পদত্যাগ

পারিবারিক অসচ্ছলতা ও রাজনৈতিক অবমূল্যায়নের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন মো. ইলিয়াছ নামে ফেনীর এক ছাত্রদল নেতা। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলীয় প্যাডে নিজের স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
দলীয় সূত্রে জানা গেছে, মো. ইলিয়াছ ফেনীর পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি লেখেন, ২০১৯ সালে উপজেলা ছাত্রদলের হাত ধরে রাজনীতিতে যুক্ত হয়ে চরম দুঃসময়েও প্রতিটি কর্মসূচিতে রাজপথে সক্রিয় ছিলেন। তবে বর্তমান সময়ে এসে চরম অবহেলার শিকার হচ্ছেন।
পদত্যাগপত্রে ইলিয়াছ আরও উল্লেখ করেন, একদিকে রাজনৈতিক অবমূল্যায়ন, অন্যদিকে পারিবারিক চরম অর্থনৈতিক সংকট—সব মিলিয়ে পরিবারের হাল ধরা ও জীবিকার তাগিদে ব্যস্ত হওয়া জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সাধারণ সম্পাদক হিসেবে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সংগঠনের কাজ যেন ব্যাহত না হয়, সে বিবেচনায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
ইলিয়াসের এই পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন পরশুরাম পৌর ছাত্রদলের আহ্বায়ক সাফায়েত এনাম মজুমদার। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অভাব-অনটনের কারণে দল থেকে পদত্যাগ। এটা দলের ব্যর্থতা—এখন দল ক্ষমতায়। যারা দলের দায়িত্ববান নেতা, এটা তাদের দায়িত্বহীনতার প্রমাণ।
এ বিষয়ে পরশুরাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাবু বলেন, ইলিয়াস আমাদের দলের একজন ত্যাগী কর্মী। কোনো মান-অভিমান থেকে সে পদত্যাগ করে থাকতে পারে। বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা ছাত্রদলের নেতারা খোঁজখবর নিয়েছেন। আমি ইলিয়াসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাকে পুনরায় সংগঠনে সক্রিয় করার চেষ্টা চালাচ্ছি।



