সুন্দরবনের চার বাহিনীর প্রধানসহ ৫২ জলদস্যুর আত্মসমর্পণ

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবন পর্যটক ও বনজীবীদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়ার আগের দিন চার জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) কাছে তারা অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন।
র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৬-এর মিডিয়া সেল সূত্র জানায়, আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনীর আটজন সদস্য রয়েছেন। চার বাহিনীর সদস্যরা র্যাবের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু করেন।
র্যাব জানিয়েছে, সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত রাখতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি সরকারের পুনর্বাসন উদ্যোগের ফলে এর আগেও সুন্দরবনের বিভিন্ন জলদস্যু ও বনদস্যু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে নতুন দস্যুচক্রের তৎপরতা এবং পূর্বে আত্মসমর্পণ করা কয়েকজনের পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার তথ্যও সামনে আসে। জেলে ও বনজীবীদের অপহরণ, মুক্তিপণ দাবি এবং অন্যান্য অপরাধের অভিযোগের পর সুন্দরবনে র্যাবের নজরদারি ও অভিযান জোরদার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মসমর্পণকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের আদালতে সোপর্দ করা হবে। আত্মসমর্পণ প্রক্রিয়া ও অভিযান এখনো চলমান রয়েছে।
এদিকে বন্যপ্রাণীর প্রজনন ও বিচরণ নির্বিঘ্ন রাখা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার থেকে নির্ধারিত বিধিবিধান ও অনুমতি সাপেক্ষে সুন্দরবন আবারও পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত হওয়ার কথা।
সুন্দরবন উন্মুক্ত হওয়ার প্রাক্কালে চার জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণকে বনের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে র্যাব। সংস্থাটির মতে, এর ফলে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে পর্যটকদের নিরাপদ চলাচলেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে তারা।



