সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার চেক প্রদান

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচ ব্যক্তির পরিবারকে মোট ২৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে এই চেক তুলে দেন।
যৌথভাবে এই চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) পঞ্চগড় সার্কেল। বিআরটিএ’র আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড থেকে এই অনুদান দেওয়া হয়।
বিআরটিএ সূত্রে জানা গেছে, গত পাঁচ মাসে পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হন। পরবর্তীতে নিহতদের পরিবারের পক্ষ থেকে বিআরটিএ অফিসে আর্থিক সহায়তার আবেদন করা হলে ট্রাস্টি বোর্ড তা মঞ্জুর করে। সড়ক দুর্ঘটনায় নিহত মো. আল আমিন, মো. আজাদ হোসেন, মো. আজাদ হোসেন (ভিন্ন ব্যক্তি), মোছা. সাজেদা আক্তার এবং রিক্তা রানীর পরিবারের হাতে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, বিআরটিএর সহকারী পরিচালক আলী আহসান মিলন, মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘোটক এবং নিহতদের স্বজনেরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ নিয়ে সাম্প্রতিক সময়ে জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মোট ১ কোটি ৮৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হলো।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন বলেন, সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দুর্ঘটনার শিকার পরিবারগুলোকে আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করতেই সরকারের পক্ষ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। সরকার সব সময় নিহতদের পরিবারের পাশে আছে এবং তাদের খোঁজখবর রাখছে।





