logo
Advertisement

জয়পুরহাটে ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,জয়পুরহাট
জয়পুরহাটে ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ
হাসপাতালে চিকিৎসাধীন আহত ইউপি সদস্য মনোয়ার হোসেন। ছবি : এশিয়া পোস্ট

জয়পুরহাটের ক্ষেতলালে মনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম সুমন নামে এক যুবকের বিরুদ্ধে।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ক্ষেতলাল পৌর এলাকার বটতলী বাজারে এ ঘটনা ঘটে।

আহত মনোয়ার হোসেন তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি বর্তমানে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন মনোয়ার হোসেন জানান, সকালে তিনি জয়পুরহাটে বেগুন বিক্রি করে ক্ষেতলালের দিকে ফিরছিলেন। বটতলী বাজারে পৌঁছালে তার পথরোধ করে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মনোয়ার হোসেনের ডান কাঁধ, গলা ও হাতে জখম হয়েছে। কাঁধের ক্ষতস্থানে কয়েকটি সেলাই দিতে হয়েছে।

মনোয়ার হোসেনের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর এ হামলা চালানো হয়েছে।

তিনি আরও জানান, এর আগে তাকে দুটি মামলায় আসামি করা হয়েছিল, যেগুলোতে তিনি বর্তমানে জামিনে রয়েছেন। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনের সহযোগিতা দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে শরিফুল ইসলাম সুমনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, ইউপি সদস্যকে ছুরিকাঘাতের খবর তারা পেয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।