নওগাঁয় সরকারি ৯০০ কেজি চাল আত্মসাৎ চেষ্টা, গ্রেপ্তার ১

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে মজুত করে রাখা ভিজিএফের ৯০০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মজুত কারবারের সঙ্গে জড়িত সন্দেহে এক ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে উপজেলার মৈনম ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বৃস্পতিবার নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মৈনম ইউনিয়ন পরিষদে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল অবৈধভাবে মজুত করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে–এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে নিন্দইন ব্রিজ মোড় থেকে মৈনম বাজার হয়ে বাবু মণ্ডলের বাড়ির দিকে যাওয়ার পথে একটি সন্দেহভাজন ভ্যান আটক করে পুলিশ।
ভ্যানে থাকা সরকারি চালের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক উজ্জ্বল সাকিদার জানান তিনি বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাবু মণ্ডলের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। একই সময়ে মৈনম ইউপিসংলগ্ন বাবু মণ্ডলের বাড়ির মূল ফটকের পাশে রান্নাঘরে অবৈধভাবে মজুত করা চাল উদ্দারে তল্লাশি চালানো হয়। ভ্যান ও রান্নাঘর থেকে ৩০ বস্তায় ৯০০ কেজি চাল উদ্ধার করা হয়।
এ সময় ভ্যানচালক উজ্জ্বল সাকিদারকে গ্রেপ্তার করা করেছে পুলিশ। এ ছাড়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় মামলা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একজনকে গ্রেপ্তার করা হলেও আরও কয়েকজন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
