অপমান করেছে মাদকসেবীরা, তাই মাইকিং করে মাদক ছাড়ার ঘোষণা

পাবনার ঈশ্বরদীতে এক যুবকের ব্যতিক্রমী উদ্যোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজে আর মাদক সেবন করবেন না, কাউকে করতেও দেবেন না—এমন ঘোষণা দিয়ে মাইকিং করেছেন তিনি। ব্যতিক্রমী এ মাইকিং শুনে এলাকার মানুষজন বিস্মিত।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরের দিকে ঈশ্বরদী পৌরশহরের ইস্তা এলাকায় এ মাইকিং করেন ফাইম হোসেন (৩০)। তিনি ইস্তা মসজিদ মোড় এলাকার জিয়াউর রহমানের ছেলে।
মাইকিংয়ে ফাইম বলেন, ‘এই এলাকার সব মাদকসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের পর থেকে কেউ ইস্তা এলাকায় মাদক সেবন করতে আসবেন না। আমি নিজেও মাদক সেবন করি, আজকের পর থেকে আর সেবন করব না। কেউ যদি আমাকে মাদক সেবন করতে দেখেন, তাহলে পুলিশে ধরিয়ে দেবেন।’
ফাহিম হোসেন বলেন, ৩৫০ টাকা খরচ করে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারটি গ্রামে মাইকিং করেছি। সোমবার রাতে মাদক সেবনের সময় কয়েকজন মাদকসেবনকারী আমাদের অপমান করে। তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে আমি নিজের টাকা খরচ করে মাইকিং করছি। আমি আর মাদক সেবন করব না। আর কেউ যেন মাদক সেবন করতে না পারে, সেজন্য যা করার করব। এ নিয়ে কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমন মাইকিংয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন, আবার কেউ এটিকে সাময়িক আবেগের বহির্প্রকাশ বলে মন্তব্য করেছেন। তবে ব্যতিক্রমী এ মাইকিং এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, এটি অবশ্যই ভালো কাজ। এর মাধ্যমে সমাজের আরও অনেক যুবক মাদক ছাড়তে উদ্যোগে নেবে। ফাহিম হোসেনকে সাধুবাদ জানান তিনি।