logo
Advertisement

কর্মবিরতি প্রত্যাহারে শজিমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের চার দাবি

এশিয়া পোস্ট নিউজ,বগুড়া
কর্মবিরতি প্রত্যাহারে শজিমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের চার দাবি
শজিমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সংবাদ ব্রিফিং। বুধবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে। ছবি: এশিয়া পোস্ট

চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ ব্রিফিংয়ে তারা এ ঘোষণা দেন।

Advertisement

ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে বক্তব্য দেন রিতুল মণ্ডল স্নিগ্ধ, অর্পণ দত্ত, মেহেরুপ হোসেন পৃথিবী ও আহসান জারিফ।

মঙ্গলবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৫ জনের বেশি আহত হন। নিজেদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

সংবাদ ব্রিফিংয়ে তারা বলেন, মঙ্গলবার রাতে হাসপাতালে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে মামলা দৃশ্যমান না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।

ইন্টার্ন চিকিৎসকদের ভাষ্য, মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী মারা যাওয়ার পর তার স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা করেন। মারা যাওয়া রোগীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক।

চিকিৎসকেরা তাকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছিলেন। রাত ১০টার দিকে রোগী মারা যাওয়ার পর স্বজনরা হামলা চালান।

তারা দাবি করেন, এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর।

সংবাদ ব্রিফিংয়ে ইন্টার্ন চিকিৎসকরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা করা, হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপত্তার জন্য আনসার সদস্যের সংখ্যা বৃদ্ধি করা, হাসপাতালের শয্যাসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া এবং একজন রোগীর সঙ্গে একজনের বেশি স্বজন বা অ্যাটেনডেন্ট থাকতে না দেওয়া।

বিষয় :