রাজশাহী থেকে দূরপাল্লা রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

নাটোর ও রাজশাহীর বাস মালিকদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বুধবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতির নেতারা।
তবে কখন পরিস্থিতির সমাধান হবে বা বাস চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে মালিক ও শ্রমিক নেতারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, রাজশাহীর একটি বাস দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর পুনরায় এই রুটে চালু হলে নাটোরের বাসটির সঙ্গে সময়ের বিরোধ তৈরি হয়। নাটোর পক্ষকে নিয়ম মেনে বাস চালানোর অনুরোধ করা হলেও তারা তা অমান্য করে এবং হুমকি দেয় যে, তাদের নিয়মেই বাস চলবে। এর জেরে সকালে নাটোরে রাজশাহীর বাস আটকে দেওয়া হলে সংঘাত চূড়ান্ত রূপ নেয়।
গতকাল মঙ্গলবার সকালে নাটোরে রাজশাহীর বাস আটকে দেওয়ার পাশাপাশি ঢাকাগামী বাসের কাউন্টারগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে রাজশাহী থেকে নাটোর হয়ে চলাচলকারী ঢাকা, রংপুর, সিরাজগঞ্জ, পাবনা ও খুলনা অভিমুখে সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।
নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার লক্ষ্মণ বলেন, আমরা কোনো বাস আটকাইনি; বরং সকালেই রাজশাহীতে আমাদের সাত-আটটি বাস আটকে রাখা হয়েছে। এরপর রাজশাহী থেকেই আর কোনো বাস ছাড়তে দেওয়া হচ্ছে না।
রাজশাহী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, সমস্যা সমাধানে উভয় জেলার জেলা প্রশাসকরা কথা বলেছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে
এ ঘটনায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে নাটোরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। দুই জেলার পরিবহন মালিকরা দ্রুতই বৈঠকে বসবেন। আশা করছি খুব দ্রুতই এই সংকটের সমাধান হবে।