আওয়ামী লীগ যারা করেছেন, তারা কোনো অন্যায় করেননি: বিএনপি নেতা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিএনপির নির্বাচনি পথসভায় আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরজী বলেছেন, আওয়ামী লীগ যারা করেছেন, তারা কোনো অন্যায় করেননি। যারা অন্যায় করেছেন, তারা দেশের বাইরে রয়েছে, আর যারা দেশে আছেন তারা সবাই ভালো মানুষ। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী-৪ (রাঙ্গাবালীকলাপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে বাহেরচর বাজারে আয়োজিত পথসভায় তিনি বলেন, রাঙ্গাবালীতে এখন আর সংগঠিত আওয়ামী লীগের কার্যক্রম নেই। তার দাবি, উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরাও বর্তমানে বিএনপিকে সমর্থন করছেন।
আব্দুর রহমান ফরজী বলেন, অতীতে যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তারাও বর্তমান সমাবেশে উপস্থিত আছেন এবং সবাইকে নিয়েই নির্বাচন পরিচালনা করতে চান তারা।
উপজেলা বিএনপির সভাপতি জানান, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী এ বি এম মোশারফ হোসেনের নেতৃত্বে দলমত নির্বিশেষে রাঙ্গাবালী উপজেলা গড়ে তুলতে চান তারা।
পথসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন।