Advertisement

কিশোরগঞ্জে সড়কের পাশ থেকে এস.এ পরিবহনের চালকের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে সড়কের পাশ থেকে এস.এ পরিবহনের চালকের মরদেহ উদ্ধার
মৃত মানিক মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে থেকে কুরিয়ার সার্ভিস এস.এ পরিবহনের এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিসিআইসি গোডাউনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মানিক মিয়া ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হেকিমের ছেলে।

তিনি ঢাকায় এস.এ পরিবহনের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে ঢাকায় থাকলেও নিয়মিত বাড়িতে যাতায়াত করতেন।

মানিক মিয়ার বড় ভাই এমদাদুল হক শাহিন বলেন, আমার ছোট ভাইয়ের আজ অফিসের কাজে রাজশাহী যাওয়ার কথা ছিল। কীভাবে বা কী কারণে সে কিশোরগঞ্জে এল, তা আমরা বুঝতে পারছি না। কিশোরগঞ্জে এলে আমাদের জানানোর কথা ছিল। সন্ধ্যায় তার অন্যান্য সহকর্মীরা অফিস থেকে গাড়ি নিয়ে বের হন। পরে সে কেন মোটরসাইকেলে করে কিশোরগঞ্জে এল, বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা এটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখছি না। আমাদের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে মানিকের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।