দুই গাড়ির চাপায় জামায়াত নেতা নিহত, শরীর থেকে হাত বিচ্ছিন্ন

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
দুই গাড়ির চাপায় জামায়াত নেতা নিহত, শরীর থেকে হাত বিচ্ছিন্ন
মো. মহিউদ্দিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতা নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন (৪২) জামায়াতে ইসলামীর ভাটিয়ারী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি এবং স্থানীয় ভাটিয়ারী রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা ছিলেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মাদামবিবিরহাট এলাকায় মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ঠিক ওই মুহূর্তেই পেছন থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস সামনে যাওয়ার চেষ্টা করলে দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন তিনি। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মহাসড়কে এই দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. জাকিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক, মাইক্রোবাস এবং মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।