‘ভোটারদের উপস্থিতি ভালো, তবে ভোটগ্রহণ প্রক্রিয়া কিছুটা স্লো’

চট্টগ্রামের ভোটকেন্দ্রগুলোয় ব্যাপক ভোটার উপস্থিতি দেখা গেছে। তবে কেন্দ্রে ভোটারের লম্বা লাইন থাকলেও ভোটগ্রহণ ধীরগতির হচ্ছে বলে জানাচ্ছেন প্রার্থীদের কর্মীরা। প্রথম দুই ঘণ্টায় গড়ে ১৬ থেকে ১৭ শতাংশ করে ভোট পড়েছে বলে জানিয়েছেন ভোটগ্রহণকারী কর্তারা।
সকাল ১১টার দিকে দক্ষিণ কাট্টলি প্রাণহরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে গিয়ে দেখা যায় ভোটারের লম্বা লাইন। ওই কেন্দ্রে ৫ হাজার ৪৯৯ ভোটারের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ৪৯২টি ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা মো. আলতাফ উদ্দিন।
একই আসনের ১৩৮ নম্বর কেন্দ্রের কর্মকর্তা লিক্সন চৌধুরী বলেন, সকাল ১০টা পর্যন্ত তার কেন্দ্রে ১৩৯ ভোট পড়েছে, যা মোট ভোটারের ১৬ শতাংশ। রামপুর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কথা হয় সাইদুর রহমান নামে একজন ভোটারের সঙ্গে। তিনি বলেন, 'উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ভালো, তবে ভোটগ্রহণ প্রক্রিয়া কিছুটা স্লো মনে হচ্ছে।'