logo
Advertisement
৩০তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে দোয়া ও মানববন্ধন

সালমান শাহ হত্যা মামলার আসামি সামিরাকে গ্রেপ্তারের দাবি ভক্তদের

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,সিলেট
সালমান শাহ হত্যা মামলার আসামি সামিরাকে গ্রেপ্তারের দাবি ভক্তদের
সিলেটে চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভক্ত-অনুরাগীরা। ছবি : এশিয়া পোস্ট

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল এবং হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভক্ত-অনুরাগীরা। মানববন্ধন থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি সামিরাকে দ্রুত গ্রেপ্তার এবং জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) বাদ জোহর সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন সালমান শাহর ভক্ত-অনুরাগীরা। পরে তারা মাজার এলাকায় সালমান শাহর কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনা করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত এতে অংশ নেন।

এরপর বিকেল ৪টার দিকে সিলেট নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘সালমান শাহ ভক্ত ঐক্যজোট, সিলেট’-এর আয়োজনে এ কর্মসূচিতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, চট্টগ্রাম, খুলনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সালমান শাহ হত্যা মামলার ১ নম্বর আসামি সামিরাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে মামলার ৪ নম্বর আসামি ডনকে গ্রেপ্তার করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। বক্তারা বলেন, সালমান শাহর মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করে তার মা অ্যাডভোকেট নীলা চৌধুরী, স্বজন ও হাজারো ভক্তের ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটাতে হবে। এ জন্য দ্রুত মামলার বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবিও জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন হিরা শাহ, মিঠুন রাজ, সিজান, মামুনুল ইসলাম, মাসুদুর রহমানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত-অনুরাগীরা।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয়তার তুঙ্গে থাকা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু হয়। তার পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা কমর উদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরী। পরিবারের বড় ছেলে ছিলেন সালমান শাহ। সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার স্ত্রী সামিরা এটিকে আত্মহত্যা বলে দাবি করে আসছেন। তবে তার মা নীলা চৌধুরীসহ ভক্ত-অনুরাগীদের একটি অংশ এ দাবির সঙ্গে একমত নন। তারা দীর্ঘদিন ধরে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে আসছেন এবং বিচার দাবি করে আসছেন।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি ডনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়। এ ঘটনায় মামলাটি নতুন করে আলোচনায় আসে।