সম্পত্তির দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যা, দুই বছর পর মিলল কঙ্কাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যার দুই বছর পর পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় নিহত নারীর দুই সৎছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কমলা বেগম (৩২) ও তার ছেলে মো. নোমান (৯)। কমলা একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী।
সিআইডি সূত্র জানায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার শিশুপুত্র নোমানকে হত্যা করে সৎছেলে রাজু, সাগর ও নাতি টিপু। তখন শুকনো মৌসুম থাকায় লাশ গুম করতে তাদের বিবস্ত্র অবস্থায় পুকুরে মাটিচাপা দেওয়া হয়। দীর্ঘ তদন্তের পর গ্রেপ্তার হওয়া সৎছেলে রাজু, সাগর ও নাতি টিপুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও নোয়াখালী সিআইডির ইনচার্জ মো. রাইছুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রথমে আদালতে একটি মামলা হয়। পরে সোনাইমুড়ী থানায় একটি জিআর মামলা দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
