logo

সার বিতরণে বিশৃঙ্খলা, কুড়িগ্রামে কৃষি অধিদপ্তরের উপপরিচালককে বদলি

সার বিতরণে বিশৃঙ্খলা, কুড়িগ্রামে কৃষি অধিদপ্তরের উপপরিচালককে বদলি
বদলি করা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। ছবি: অধিদপ্তর সূত্রে পাওয়া

কুড়িগ্রামে একের পর এক সার বিতরণ নিয়ে বিশৃঙ্খল ঘটনার মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে সংযুক্ত করেছে কৃষি মন্ত্রণালয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আব্দুল্লাহ আল মামুন তার বদলির তথ্য এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার সকালে আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির কারণে আব্দুল্লাহ আল মামুনকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, তাকে বুধবার বিকেলের মধ্যে বদলিকৃত কর্মস্থল ঝিনাইদহে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।

তার স্থলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামের উপপরিচালক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

খামারবাড়ি কুড়িগ্রাম সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার কুড়িগ্রাম ত্যাগ করেছেন।

আব্দুল্লাহ আল মামুন এশিয়া পোস্টকে বলেন, আমাকে ঝিনাইদহ বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।

কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ জানান, বুধবার নতুন উপপরিচালক পদে একজন কর্মকর্তা যোগদান করবেন।