গাইবান্ধায় এক কেন্দ্রে পুরোনো প্রশ্নপত্রে নেওয়া হলো এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে নিয়মিত (২০২৬ সালের) শিক্ষার্থীদের পুরোনো (২০২৫ সালের) প্রশ্নপত্র দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষা শেষে উত্তরপত্র মেলানোর সময় বিষয়টি নজরে আসে।
বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে অভিভাবক ও স্থানীয়রা কেন্দ্রে এসে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে হট্টগোল শুরু হলে কেন্দ্রের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আগের বছরের প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের মধ্যে সাঘাটা উপজেলার উদয়ন মহিলা ডিগ্রি কলেজ এবং ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রায় ২৫ পরীক্ষার্থী রয়েছেন।
এ বিষয়ে পরীক্ষার্থীরা বলেন, আমাদেরকে ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। আমাদের ফলাফল এখন ঝুঁকিতে।
ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি জানার পর পরীক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ এস এম আসাদুল ইসলামের কাছে অভিযোগ জানান।
এ বিষয়ে অধ্যক্ষ বলেন, যে প্রশ্নপত্রেই পরীক্ষা নেওয়া হোক, সেই প্রশ্নপত্রের ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। আমি এ বিষয়ে শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলেছি।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার দায় সম্পূর্ণ কেন্দ্র সচিবের। বোর্ডের নির্দেশনা অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থীদের আলাদা কক্ষে বসানোর কথা। পাশাপাশি প্রশ্নপত্র বিতরণের আগে তা যথাযথভাবে যাচাই—বাছাই নিশ্চিত করারও নির্দেশনা রয়েছে।





