এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা। ছবি : এশিয়া পোস্ট

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা।

Advertisement

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘মাওয়া এভারগ্রিন পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক বা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত বাসের জ্বালানি ট্যাংকে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা দ্রুত ও নিরাপদে নেমে যেতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।