logo

ট্রেনের ছাদে ভ্রমণ, রেলসেতুর গার্ডারে ধাক্কা লেগে যুবকের মৃত্যু

ট্রেনের ছাদে ভ্রমণ, রেলসেতুর গার্ডারে ধাক্কা লেগে যুবকের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় চলন্ত ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলসেতুর গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালীকাপুর রেলসেতুর পাংশা অংশের সত্যজিৎপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদে ওই যুবক অবস্থান করছিলেন। ট্রেনটি সত্যজিৎপুর এলাকায় কালীকাপুর রেলসেতুর ওপর পৌঁছালে ছাদে থাকা যুবকটি সেতুর গার্ডারের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, সন্ধ্যার দিকে ট্রেনটি ব্রিজের ওপর উঠলে ছাদে থাকা যুবকটি গার্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পাংশা থানা ও কালুখালী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাজবাড়ী জিআরপি (গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ) থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী জিআরপি থানার উপপরিদর্শক মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।