দিনাজপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, একজন গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ীতে এক চালককে ছুরিকাঘাত করে যাত্রীবেশে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এতে নবিরুল ইসলাম নামে ওই অটোরিকশাচালক নিহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ১টার দিকে ঘোড়াঘাট এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
নিহত নবিরুল ইসলাম (৪০) বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। গ্রেপ্তার ব্যক্তির নাম আকাশ আহম্মেদ, তিনি জয়পুরহাটের বাসিন্দা মনোয়ারের ছেলে।
জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে শাহাবাজপুর যাওয়ার উদ্দেশ্যে পৌর শহরের ঢাকা মোড় (শাপলা চত্বর) থেকে নবিরুল ইসলামের অটোরিকশায় চড়েন তিন ব্যক্তি। এরপর অটোরিকশাটি উত্তর লক্ষ্মীপুর (কুর্শাখালি রেলগেটে) পৌঁছালে দুর্বৃত্তরা নবিরুলের কাছ থেকে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নবিরুল ইসলামকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখানে থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই নবিরুল ইসলামের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে অভিযান চালিয়ে ঘোড়াঘাট উপজেলা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ আকাশ আহম্মেদকে গ্রেপ্তার করে। তবে বাকি দুজন পালিয়ে যান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এ ঘটনায় রাতেই অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
.png)






