logo

কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার
মোহাম্মদ আবির। ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ আবিরের (১৮) মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সিগাল পয়েন্ট এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন আবির। তিনি পুরান ঢাকার লালবাগ থানার শহীদনগর এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে।

সি সেফ লাইফগার্ড সূত্রে জানা গেছে, আবির তার আট বন্ধুসহ রোববার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। দুপুরে পাঁচ বন্ধু মিলে সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় আবির ও তার এক বন্ধু একটি টিউবে ছিলেন। একপর্যায়ে তারা দুজনই টিউব থেকে ছিটকে পানিতে পড়ে যান। পরে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও আবির স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হন। ঘটনার পরপরই লাইফগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে রোববার রাত ৮টা পর্যন্ত ব্যাপক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সি সেফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি জানান, সোমবার সকালে নাজিরারটেক পয়েন্টে ভাসমান অবস্থায় আবিরকে দেখতে পান তার স্বজনরা। পরে লাইফগার্ড কর্মী ও পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম বলেন, মরদেহটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, চলতি বছরের ২৬ মার্চ কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে গোসলে নেমে মেহেদী হাসান আবির (১৮) নামে আরেক পর্যটকের মৃত্যু হয়। তিনিও টিউব থেকে ছিটকে স্রোতের টানে ভেসে যান। পরে প্রায় তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেন লাইফগার্ড কর্মীরা। তিনি চট্টগ্রামের আজিজনগর এলাকার বাসিন্দা ছিলেন।