logo

কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচনের ঘোষণা কমলের

কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচনের ঘোষণা কমলের

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাবেক পৌর মেয়রের ছেলে মোহাম্মদ কামরুজ্জামান কমল। আধুনিক ও ডিজিটাল কালীগঞ্জ গড়ে তুলতে পৌরবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি। 

রোববার (২২ মার্চ) ঝিনাইদহের ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। পুনর্মিলনীর আয়োজন করে বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘আলোকিত ৯৭’। 

কামরুজ্জামান কমল বলেন, আধুনিক ও সমৃদ্ধ কালীগঞ্জ গড়ার লক্ষ্যে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমি। নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি পরিচ্ছন্ন ও উন্নত পৌরসভা উপহার দিতে চাই।

পারিবারিক পরিচয়ের বাইরে নিজের যোগ্যতা এবং ব্যক্তিগত ইমেজ দিয়ে আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

 

কালীগঞ্জে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আলোকিত ৯৭’ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মিলনমেলায় শিক্ষার্থী ও তাদের পরিবার-পরিজনসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে ছিল বর্ণাঢ্য র‍্যালি, প্রীতিভোজ, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে কামরুজ্জামান কমলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ডা. আবু সাঈদ, মো. সাইফুল ইসলাম ও আব্দুস সামাদ প্রমুখ।