আজান দেওয়ার সময় অসুস্থ হয়ে প্রাণ গেল ইমামের

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
আজান দেওয়ার সময় অসুস্থ হয়ে প্রাণ গেল ইমামের
নিহত ইমাম মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার একটি মসজিদে এশার আজান দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েছেন ইমাম ও খতিব মো. আমিনুল ইসলাম (৪৮)। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (১১ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম গোপিনাথপুর গ্রামের কাজীবাড়ি এলাকার মৃত শামসুল আলমের ছেলে। তিনি গত তিন বছরেরও বেশি সময় ধরে মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি প্রায় এক দশক ধরে কণ্ঠনগর দক্ষিণপাড়া দারুল সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং অসংখ্য শিক্ষার্থীকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন।

মসজিদ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও আমিনুল ইসলাম এশার আজান দিচ্ছিলেন। আজানের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রব্বানী সোহেল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা রেখে গেছেন।

নিহতের স্ত্রীর ভাই ও বুড়িচং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাজির মাহমুদ নছির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১২ জুলাই) বাদ জোহর গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম জানান, আমিনুল ইসলাম ছিলেন অত্যন্ত সাদাসিধে, বিনয়ী ও ধর্মপ্রাণ একজন আলেম। ইমামতি, কোরআনের শিক্ষা এবং নৈতিক আদর্শের মাধ্যমে তিনি এলাকায় বিশেষ সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন।

বিষয় :কুমিল্লা