নিখোঁজের দুই দিন পর বাঁওড়ে মিলল ভ্যানচালকের মরদেহ

যশোরের মনিরামপুরে নিখোঁজের দুই দিন পর মহাসিন মোল্যা নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মহাসিন মোল্যা উপজেলার চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।
পুলিশ ও স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা মহাসিনকে হত্যা করে তার ইঞ্জিনচালিত ভ্যান ও সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে মরদেহটি পারখাজুরা বাঁওড়ে ফেলে দেওয়া হয়। সেখান থেকে ভেসে এসে রামপুর ঘাটের একটি বাঁশঝাড়ে আটকে যায়। তবে হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।
মহাসিসের বড় ভাই মিলন জানান, মঙ্গলবার বিকেলে মহাসিন ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার আগে শয়লা বাজারে তার সঙ্গে শেষ দেখা হয়। তখন মহাসিন তাকে বলেন, বড় ভাড়া ধরে আসি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বুধবার মনিরামপুর থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে রামপুর ঘাট এলাকায় বাঁওড়ে একটি মরদেহ ভেসে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহাসিনের মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, পারখাজুরা বাঁওড় থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ব্যবহৃত ইঞ্জিনচালিত ভ্যানটি এখনও উদ্ধার করা যায়নি। মরদেহ পচে গেছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
.png)






