গ্যাস সংকটে বন্ধ সরকারি দুই সার কারখানার উৎপাদন

গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত দুটি বৃহৎ সার কারখানা—চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। বুধবার (৪ মার্চ) বিকেল থেকে কারখানা দুটিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ইউরিয়া উৎপাদন পুরোপুরি স্থবির হয়ে পড়ে।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এই দুটি কারখানায় দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু দুদিন ধরে প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় এবং সরকারি সিদ্ধান্তে সরবরাহ বন্ধ করে দেওয়ায় কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
সিইউএফএল দৈনিক ১ হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন করে। কাফকোর দৈনিক ১ হাজার ৭২৫ টন ইউরিয়া এবং প্রায় ১ হাজার ৫০০ টন অ্যামোনিয়ার উৎপাদন সক্ষমতা রয়েছে।
সিইউএফএলের উৎপাদন বিভাগের প্রধান উত্তম চৌধুরী বলেন, সার উৎপাদনের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং নির্দিষ্ট মাত্রার চাপ থাকা অপরিহার্য। পর্যাপ্ত চাপ না থাকায় আমরা উৎপাদন বন্ধ রেখেছি। সরকারি নির্দেশনা অনুযায়ী এটি সাময়িক সিদ্ধান্ত, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই আমরা পুনরায় উৎপাদনে ফিরব।
এ দুটি কারখানায় উৎপাদন বন্ধ হওয়া নতুন কিছু নয়। ছয় মাস বন্ধ থাকার পর গত বছরের ১ নভেম্বর সিইউএফএল চালু হলেও মাত্র ১২ ঘণ্টার মাথায় কারিগরি ত্রুটির কারণে তা আবার বন্ধ হয়ে যায়। এরপর থেকে কারখানাটি অনিয়মিতভাবে চলছিল। অন্যদিকে, অভ্যন্তরীণ সমস্যার কারণে গত অক্টোবর মাসে কাফকোও প্রায় ১৫ দিন উৎপাদন বন্ধ রেখেছিল।
বর্তমানে এই দুটি গুরুত্বপূর্ণ কারখানায় উৎপাদন বন্ধ থাকায় বিপুল পরিমাণ ইউরিয়া সারের ঘাটতি তৈরির আশঙ্কা দেখা দিচ্ছে, যা কৃষি খাতে প্রভাব ফেলতে পারে।