logo

প্রধানমন্ত্রীর সঙ্গে বৃক্ষপ্রেমী ইমাম বাবুলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৃক্ষপ্রেমী ইমাম বাবুলের সাক্ষাৎ
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভোলার চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম রেজাউল কিবরিয়া বাবুলসহ অন্য অতিথিরা। ছবি : এশিয়া পোস্ট

নিজ উদ্যোগে প্রায় তিন দশক ধরে বৃক্ষরোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা ভোলার চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম রেজাউল কিবরিয়া বাবুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তার এই দীর্ঘদিনের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইমাম বাবুলের পাশাপাশি নিজ নিজ কাজের মাধ্যমে সমাজে অনন্য অবদান রাখা আরও দুজন বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের বাসিন্দা রেজাউল কিবরিয়া বাবুল পেশায় একজন মসজিদের ইমাম। ইমামতির পাশাপাশি নিজের কষ্টার্জিত অর্থ, শ্রম ও সময় ব্যয় করে প্রায় তিন দশক ধরে এলাকার বিভিন্ন সড়কের পাশে গাছ লাগিয়ে আসছেন তিনি। তার রোপণ করা সারি সারি তালগাছসহ নানা প্রজাতির বৃক্ষ এখন বড় হয়ে একদিকে সড়কের সৌন্দর্য বাড়াচ্ছে, অন্যদিকে পথচারীদের দিচ্ছে শীতল ছায়া।

ইমাম বাবুলের এই পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয় ১৯৯৩-৯৪ সালের দিকে। ওই সময় পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্রায় আট লাখ টাকা ব্যয়ে একটি নার্সারি গড়ে তোলেন তিনি। পরবর্তীতে সেই নার্সারিতে উৎপাদিত চারা দিয়েই বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণ শুরু করেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভিন্ন স্থানে তিনি প্রায় ৫০ থেকে ৬০ হাজার গাছের চারা রোপণ করেছেন; যার মধ্যে কেবল তালগাছের বীজ ও চারার সংখ্যাই প্রায় ২৫ থেকে ৩০ হাজার।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বাবুলের দীর্ঘদিনের পরিশ্রম, জীবনসংগ্রাম ও পরিবেশ সুরক্ষায় তার বিশেষ অবদানের বিষয়টি উঠে আসে। প্রধানমন্ত্রী তার এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজকল্যাণমূলক এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখতে প্রয়োজনীয় উৎসাহ ও সহযোগিতার আশ্বাস দেন।