logo

নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে এক নারীকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামালপুর পৌর এলাকার বাসিন্দা বুলবুল আহমেদ, কালাম মাকু ও রুকু। রায়ের সময় কালাম মাকু আদালতে উপস্থিত ছিলেন। বুলবুল আহমেদ ও মো. রুকু পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের মার্চ মাসে জামালপুর শহরের শাহ জামাল মাজারের সামনে থেকে ভুক্তভোগী নারীকে অপহরণ করে আসামিরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে জামালপুর থানায় মামলা করেন। দীর্ঘ দুই বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা করে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দিয়েছেন। ১০ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিনজনকে যাবজ্জীবনের পর মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড হিসেবে আদায় করা টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।