অন্ধকার সরে গেছে, অর্জন ধরে রাখতে হবে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে সতেরো বছর ধরে জাতির ওপর ঘোর অন্ধকার ও দুর্বহ বোঝা চেপে ছিল, যা ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে সরে গেছে। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে।
শুক্রবার (১৫ মে) সকালে রংপুর মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত রংপুর বিভাগের উপজেলা আমির ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ রংপুরবাসীসহ পুরো জাতির গর্ব। স্লোগান দিতে গেলে তার নাম সবার আগে আসে। আলোকিত বাংলাদেশ গড়তে গিয়ে সে নিজের জীবন উৎসর্গ করেছে। সেই আলোর মশাল আমাদের ধরে রাখতে হবে।
তিনি আরও দাবি করেন, নির্বাচনে জামায়াতে ইসলামী যে পরিমাণ অর্থ ব্যয় করেছে, অনেক আসনে অন্য দলের একজন এমপিও তার সমপরিমাণ ব্যয় করেও জয়ী হতে পারেননি। জামায়াত ইসলামীর প্রতি মানুষের আস্থা কেউ নষ্ট করতে পারেনি। দলীয় নেতাকর্মীদের প্রতি ইনসাফের আহ্বান জানান তিনি।
সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল এবং রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান।
এর আগে, জামায়াত আমির মডেল কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার মতবিনিময়ের কথা রয়েছে।
.png)

