logo

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
নাইক্ষ্যংছড়ি সীমান্ত। ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১-এর ব্লক ‘সি’-এর বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার-৪০ এর নিকটবর্তী স্থানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি আন্তর্জাতিক শূন্যলাইন থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

জানা গেছে, কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা আব্দুল খালেক (৩০) স্থানীয়ভাবে পরিচিত মাস্টার শাহ আলমের আকাশমনি বাগান পরিষ্কার করার কাজে যাওয়ার সময় হঠাৎ একটি মাইনের বিস্ফোরণের শিকার হন। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা ছোট ভাই তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন।

এদিকে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ করছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।