logo

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
নান্দাইল মডেল থানা। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের নান্দাইলে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো—পার্শ্ববর্তী চরবৈতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের রুবেল মিয়ার দুই বছরের ছেলে রাফী এবং সংগ্রামখালী গ্রামের লাল মিয়ার আড়াই বছরের মেয়ে জান্নাত। তারা দুজনই সংগ্রামখালী গ্রামের আব্দুল কাদিরের নাতি-নাতনি এবং মামাতো-ফুফাতো ভাই-বোন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, দুপুরে বাড়ির পেছনে খেলাধুলার একপর্যায়ে সবার অজান্তে দুই শিশু পাশের পুকুরে পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের দেহ ভেসে উঠতে দেখেন। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।