সবজি ক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

নাটোরের বড়াইগ্রামে সবজি ক্ষেত থেকে রঞ্জু আহমেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার দিয়ার গাড়ফা গ্রামের শরীফ উদ্দিনের সবজি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঞ্জু আহমেদ একই এলাকার সরুপ আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, রঞ্জু আহমেদ প্রতিদিনের মতো রোববার বিকেলে বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয় কৃষক শরীফ উদ্দিন তার সবজি ক্ষেতে গেলে রঞ্জুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি এলাকাবাসী ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালে পাঠায়।
মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যাওয়ায় প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।