চাঁদা না পেয়ে সিএনজি চালককে মেরে হাসপাতালে পাঠালেন ছাত্রদল নেতা

নওগাঁর নিয়ামতপুরে চাঁদা না দেওয়ায় সাইদুর রহমান নামে এক সিএনজি চালককে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদর বাজারের তিন মাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাইদুর রহমানকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত জয় মণ্ডল নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালকদলের নিয়ামতপুর উপজেলা সভাপতি ইসমাইল হোসেন বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগের তথ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে জয় মণ্ডল সিএনজি স্টেশনে গিয়ে সাইদুর রহমানের কাছে চাঁদা দাবি করেন। সাইদুর চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি তার স্বজনদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে রোববার সকালে সাইদুরকে কৌশলে তিন মাথা মোড়ের একটি শোরুমের পেছনে ডেকে নেন জয়। সেখানে বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়। সাইদুর আত্মরক্ষার্থে পালানোর চেষ্টা করলে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়। চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জয় মণ্ডল জানান, সিএনজি চালক তার স্ত্রীকে অনৈতিক ও বাজে প্রস্তাব দিয়েছিলেন। এর প্রতিবাদ জানাতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও একপর্যায়ে ধস্তাধস্তি হয়। শারীরিক আঘাত বা চাঁদা দাবির বিষয়টি সত্য নয় বলে দাবি করেন তিনি।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

