logo

দেড় বছরের শিশুকে ‘হত্যার’ পর মায়ের ‘আত্মহত্যা’

দেড় বছরের শিশুকে ‘হত্যার’ পর মায়ের ‘আত্মহত্যা’

রংপুর নগরীর একটি বসতঘর থেকে এক গৃহবধূ ও তার দেড় বছর বয়সি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুকে শ্বাসরোধে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

রবিবার (১৫ মার্চ) সকালে বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

এর আগে শনিবার সন্ধ্যায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, সূচনা ঘোষ ও তার শিশুসন্তান জয়দেব ঘোষ।

পুলিশ জানায়, সূচনা ঘোষ তার দেড় বছরের ছেলে জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

স্বামী শঙ্কর ঘোষ জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। বিভিন্ন সময়ে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। মানসিক অবসাদগ্রস্ত থেকে ছেলেকে হত্যা করে তার স্ত্রী নিজেও আত্মহত্যা করেছেন।

তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, অভাবের কারণে পারিবারিক অশান্তিতে ছিল পরিবারটি। জন্মের পর থেকেই বাচ্চাটিকে মাঝেমধ্যে ঘুমের ওষুধ খাওয়াতেন মা। সূচনা ঘোষের মানসিক অসুস্থতার কারণেই বাচ্চাকে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।