ভোটার প্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থীরা

বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনে প্রার্থীদের জন্য ভোটার প্রতি ১০ টাকা হারে নির্বাচনি ব্যয় নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৭ মার্চ) বগুড়া-৬ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম বিষয়টি জানান। এ বিষয়ে আজ ঢাকায় নির্বাচন কমিশন এক ব্রিফিংয়েও বিস্তারিত জানিয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, এই আসনের প্রার্থীরা ভোটার প্রতি ১০ টাকা হারে সর্বোচ্চ ৪৫ লাখ ৫৪ হাজার ৪৩০ টাকা ব্যয় করতে পারবেন। তবে এই ব্যয় সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত হবে।
এই আসনে বর্তমানে ভোটের মাঠে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসনে জয়ী হয়েছিলেন। তবে আইন অনুযায়ী একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে দুটি আসন ধরে রাখার সুযোগ না থাকায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে কমিশন আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনের মোট ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন ভোটার রয়েছেন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন। এ ছাড়া ৩ হাজার ৭৩৬ জন পোস্টাল ব্যালট ভোটার এবং ১০ জন হিজড়া ভোটার রয়েছেন।
ভোটগ্রহণের জন্য মোট ১৫০টি কেন্দ্র ও ৮৩৫টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ হবে।