logo

অষ্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

অষ্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল
চাইনিজ কুড়াল হাতে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকির। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিলমাকশা জলমহাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চাইনিজ কুড়াল হাতে উপজেলা ছাত্রদলের এক নেতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় জলমহাল দখলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

ভাইরাল ভিডিওতে চাইনিজ কুড়াল হাতে দেখা যাওয়া ব্যক্তির নাম সৈয়দ তাওকির। তিনি অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তার বাবা সৈয়দ সাঈদ আহমেদ উপজেলা বিএনপির সভাপতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাতে একটি চাইনিজ কুড়াল নিয়ে সৈয়দ তাওকির ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়।

উপজেলা ছাত্রদলের একটি অংশের অভিযোগ, সৈয়দ তাওকির অবৈধ বালু উত্তোলন, মামলা বাণিজ্য, মাদক ব্যবসা এবং অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করাসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সৈয়দ তাওকির। তার দাবি, সংঘর্ষ থামানোর উদ্দেশ্যে অন্য একজনের হাত থেকে কুড়ালটি নিয়ে তিনি প্রতিপক্ষের দিকে এগিয়ে গিয়েছিলেন।

অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল মাহমুদ মোস্তাক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা তারা যাচাই করে পেয়েছেন। বিষয়টি সম্পর্কে সবাই অবগত থাকলেও এ মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেছে। বিষয়টি জেলা ছাত্রদলের নেতাদের জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জেলা নেতৃবৃন্দ নেবেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ বলেন, বিষয়টি তার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বিলমাকশা জলমহাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।