logo
Advertisement

টুঙ্গিপাড়ায় শতাধিক পরিবার পানিবন্দি

এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
টুঙ্গিপাড়ায় শতাধিক পরিবার পানিবন্দি
টুঙ্গিপাড়ায় পানিবন্দী একটি পরিবার। ছবি: এশিয়া পোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। বসতঘর, রান্নাঘর, শৌচাগার, উঠান, গ্রামীণ সড়ক ও কবরস্থান পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এসব পরিবার।

Advertisement

স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে বর্ষা মৌসুমে একই সমস্যায় পড়লেও জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সামান্য বৃষ্টিতেই গ্রামের নিম্নাঞ্চলে পানি জমে যায়। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দিনের পর দিন পানি আটকে থাকে।

টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ও টুঙ্গিপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মধ্যপাড়া গ্রামে প্রায় পাঁচ শতাধিক পরিবারের বসবাস। গ্রামটিতে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও গণশিক্ষা কেন্দ্র রয়েছে। জলাবদ্ধতার কারণে এসব স্থাপনাতেও অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রান্নাঘর পানিতে তলিয়ে যাওয়ায় অনেক পরিবার স্বাভাবিকভাবে রান্না করতে পারছেন না। কেউ একবেলা খেয়ে দিন কাটাচ্ছেন, আবার কেউ বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে খাচ্ছেন। শৌচাগার পানিতে ডুবে থাকায় ব্যবহার করা যাচ্ছে না। কোথাও কোথাও সেপটিক ট্যাংকের বর্জ্য পানিতে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দা মোছা. শামসুন্নাহার বলেন, জলাবদ্ধতার কারণে ঘরের ভেতরেও পানি উঠে গেছে। রান্না করা, খাওয়া ও বাথরুম ব্যবহারের মতো স্বাভাবিক কাজগুলোও করা যাচ্ছে না। আমরা দ্রুত এই দুর্ভোগের স্থায়ী সমাধান চাই।

রফিক শেখ, ইসুব শেখ, নেয়ামত শেখ, শহীদ ফকির, মসিউর শেখ, ফরিদ মোল্লা, শামসুল হক শেখ ও লক্ষণ সাহাসহ একাধিক বাসিন্দা জানান, গ্রামের অধিকাংশ মানুষ কাঠ বা জ্বালানি দিয়ে রান্না করেন। রান্নাঘর পানিতে তলিয়ে থাকায় তাদের চরম বিপাকে পড়তে হচ্ছে। পাশাপাশি রাতে সাপ ও বিষাক্ত পোকামাকড়ের আতঙ্কেও থাকতে হচ্ছে।

পাটগাতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, জলাবদ্ধতার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম বলেন, টুঙ্গিপাড়া নিচু এলাকা হওয়ায় ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মধ্যপাড়া গ্রামের জলাবদ্ধতার বিষয়টি জানার পর জরুরি ভিত্তিতে পানি অপসারণের জন্য প্যানেল চেয়ারম্যান ও পৌরসভার প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।