স্লোগানে মুখর চাঁদপুরে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল

একের পর এক আসছে মিছিল। সঙ্গে নানা বিভিন্ন স্লোগান। মিছিলকারীরা জড়ো হচ্ছেন সমাবেশস্থলে। সেখানেও চলছে স্লোগান।
শনিবার (১৬ মে) সকাল থেকে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে দেখা যায় এই চিত্র। এখানে খাল পুনর্খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।
সরেজমিন আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে নেতাকর্মীরা তাদের নেতার অপেক্ষা করছেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সমাবেশস্থলের মঞ্চ প্রস্তুতসহ সার্বিক আয়োজনের কাজ শেষ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত অন্য সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তারা আশা করছেন, আজকের বক্তব্যে চাঁদপুরের উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তিনি।
