logo

বকেয়া ১৮০ না ৩০ টাকা—তা নিয়ে তুমুল সংঘর্ষ

বকেয়া ১৮০ না ৩০ টাকা—তা নিয়ে তুমুল সংঘর্ষ

দোকানের বকেয়া ১৮০ টাকা, নাকি ৩০ টাকা—এই বিষয় নিয়ে দুজনের তর্ক। এ নিয়ে সম্প্রতি হাতাহাতি হয় তাদের মধ্যে। এরই জের ধরে হবিগঞ্জের লাখাইয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, সুনেশ্বর গ্রামের জালাল মিয়ার দোকান থেকে বাকিতে পণ্য নেন রওশন মিয়া। জালালের দাবি, তার কাছে পাওনা ১৮০ টাকা। তবে রওশনের দাবি, দেনা ৩০ টাকা। এ নিয়ে সম্প্রতি তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এর জেরে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে গ্রামের ফুটবল খেলার মাঠে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র বলেন, দোকানের বকেয়া ১৮০ টাকা নাকি ৩০ টাকা— এই বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।