logo

চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে দূরপাল্লার বাস বন্ধ

চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে দূরপাল্লার বাস বন্ধ
ছবি: এশিয়া পোস্ট

চাঁদা আদায়কে কেন্দ্র করে বাস মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলা শহর থেকে দূরপাল্লার কোনো রুটেই বাস ছেড়ে যায়নি। পূর্বঘোষণা ছাড়া আকস্মিক বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

Advertisement

সরেজমিনে শহরের ঢাকা বাসস্ট্যাণ্ডের কাউন্টারে গিয়ে দেখা গেছে, গন্তব্যে যাওয়ার জন্য সকাল থেকেই যাত্রীরা ভিড় করছেন। বাস না পেয়ে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা কাউন্টারের সামনে বসে অপেক্ষা করছেন। নির্ধারিত সময়ে ঢাকা বা অন্য জেলায় পৌঁছাতে না পেরে বিপাকে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী এবং জরুরি চিকিৎসার উদ্দেশ্যে রওনা হওয়া রোীগরা। অনেকেই বাধ্য হয়ে ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এতে নারী ও শিশু যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করা হতো। কিন্তু সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতি তা পাঁচ গুণ বাড়িয়ে ১৫০ টাকা দাবি করছে। বর্ধিত এই চাঁদা দিতে আপত্তি জানিয়েই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ মালিকরা।

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক ও দেশ ট্রাভেলসের মাস্টার শরিফুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতি প্রতিটি বাস থেকে ১৫০ টাকা করে চাঁদা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, হানিফ ও গ্রামীণ ট্রাভেলসসহ প্রধান পরিবহনগুলোর যাত্রীসেবা পুরোপুরি বন্ধ রয়েছে।

বর্ধিত চাঁদা দাবির বিষয়টি এড়িয়ে গেছেন চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া। তিনি দাবি করেন, জেলার সব বাস চলাচল বন্ধ নেই, কেবল ঢাকামুখী কোচগুলো বন্ধ রয়েছে।