ঝিনাইদহে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু

ঝিনাইদহে বন্ধুর ছুরিকাঘাতে কাউসার (২১) নামে অপর এক বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত কাউসার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আলীম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত লিখন ও নিহত কাউসার ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে একসঙ্গে পড়াশোনা করতেন। সেই সুবাদে তারা শহরের মহিলা কলেজ পাড়ার একটি মেসে একসঙ্গে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাজার করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা এবং পরবর্তীতে মারামারি শুরু হয়। একপর্যায়ে লিখন কাউসারের ঘাড়ে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় লিখন আহত হওয়ায় তাকেও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার আইনি কার্যক্রম চলমান রয়েছে।


