নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা, ৬ দিনেও হয়নি মামলা

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ছয় দিন পেরিয়ে গেলেও এখনও মামলা হয়নি। নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকে মামলা করার কোনো উদ্যোগের কথা জানা যায়নি।
অন্যদিকে হত্যাকাণ্ডের পর বেন্দারচর এলাকায় ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক কাটেনি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বেন্দারচর গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের প্রবেশপথ থেকে শুরু করে বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সড়কে পুলিশ ও এসআরবি সদস্যদের টহলও রয়েছে। বাইরে থেকে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও গ্রামবাসীর মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট।
এর আগ, গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া উপজেলার বেন্দারচর স্লুইসগেট-সংলগ্ন বটতলা এলাকায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

দুই নেতার মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া মডেল মসজিদে তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরপর শুক্রবার (২০ নভেম্বর) নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় নড়াইল জেলা ও কালিয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের সঙ্গে ছিলেন।
কবর জিয়ারত শেষে ওই দিন সন্ধ্যায় বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ লোকজন সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের জেরে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন এসব হামলা চালান বলে জানিয়েছে পুলিশ।

হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ এখনও কাটেনি। অনেকের ঘরবাড়ি পুড়ে ও ভেঙে যাওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। কেউ পোড়া ঘরের অবশিষ্ট জিনিসপত্র সরাচ্ছেন, কেউ ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের চেষ্টা করছেন। বাড়িঘর থাকলেও স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না অনেকেই। নিরাপত্তাহীনতা ও ভবিষ্যৎ অনিশ্চয়তায় দিন কাটছে তাদের।
ক্ষতিগ্রস্ত বাসিন্দা আকবর মোল্যার স্ত্রী রাবেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ায় থাকার মতো কোনো জায়গা নেই। পরিবার-পরিজন নিয়ে কোথায় থাকবেন, কীভাবে চলবেন, তা বুঝতে পারছেন না। কোনো ক্ষতি না করেও তাদের সবকিছু হারাতে হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের ছয় দিন পার হলেও মামলা না হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেন মামলা হয়নি, নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলা করার কোনো প্রস্তুতি রয়েছে কি না এবং পুলিশ নিজ উদ্যোগে কোনো আইনি পদক্ষেপ নিয়েছে কি না—এসব বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেন্দারচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


