logo

বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ও বোমা হামলা

বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ও বোমা হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ও বোমা হামলা করেছে দুর্বত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার সাহারবাটি গ্রাম থেকে ভাটপাড়া যাওয়ার সড়কের মোড়ে এ ঘটনা ঘটে। 

আহত মুকুল হোসেন (৫৫) সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে। তিনি সাহারবাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে হাঁটতে বের হলে ভাটপাড়া মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুকে, পিঠ ও হাতে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হামলাকারীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যায়। গুলির শব্দ ও বিস্ফোরণের আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, আধিপত্য বিস্তার বা পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বশিরুল হাসান আজিজ বিষয়টি নিশ্চিত করে এশিয়া পোস্টকে জানান, ফজরের নামাজের পর তিনি ঘটনাটি জানতে পারেন। কী কারণে এ হামলা হয়েছে এখনো স্পষ্ট নয়।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।