ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন যাত্রী। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপ চালক জাহাঙ্গীর মোল্লা ও তার সঙ্গে থাকা বাঙ্গি ব্যবসায়ী আলমগীর। তারা ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে ভাঙ্গাগামী বাঙ্গি ভর্তি পিকআপের সঙ্গে ফরিদপুর থেকে বরিশালগামী শাহ্ফরিদ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাসটি উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন হোসেন বলেন, ফরিদপুর থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী শাহ্ফরিদ পরিবহন ভাঙ্গার বাবলাতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাঙ্গিবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা-পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি বলেন, দুর্ঘটনায় পিকআপের দুজন নিহত হন। এ ছাড়া বাস এবং পিকআপের মিলে ৩০ জন আহত হয়েছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সড়ক থেকে পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসটি উদ্ধারের কার্যক্রম চলছে। সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। সরু ব্রিজের সামনে দ্রুতগতির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।