পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর হাতে অপহৃত ছয় শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী

বান্দরবানের সদর উপজেলার টংকাবতী ইউনিয়ন থেকে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হাতে অপহৃত ছয়জন রাবার শ্রমিককে উদ্ধার করেছে সেনাবাহিনী।
তাদেরকে উদ্ধারের জন্য বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতভর দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে টংকাবতী ইউনিয়নের ইসমাইলের রাবার বাগান এলাকা থেকে ছয়জন শ্রমিক অপহরণের শিকার হন। পরদিন অপহরণকারীরা একটি অজ্ঞাত নম্বর থেকে বাগান মালিক মো. ইসমাইলের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে অপহৃতদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
বান্দরবান সেনা জোন (২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) পরিচালিত অভিযান শেষে ওই শ্রমিকদের শুক্রবার (২৪ এপ্রিল) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে শ্রমিকদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা এবং মো. রমিত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় ম্যাংতাং ম্রো নামে সশস্ত্র গোষ্ঠীর সদস্য হিসেবে এক সন্দেহভাজনকে আটক করা হয়। তিনি বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের লাকড়ি পাড়া পাড়াও ম্রোর ছেলে। তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সূত্র জানায়, অপহৃতদের আটকে রাখা পাহাড়ের কাছাকাছি সেনাসদস্যরা পৌঁছালে টের পেয়ে অপহরণকারীরা দ্রুত পালিয়ে যায়।