পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু হলো ওই গ্রামের আতিকুল ইসলামের ৯ বছর বয়সী শিশুকন্যা আতিয়া ও ৬ বছর বয়সী ছেলে আবু বক্কর।
নিহত শিশুদের স্বজনরা জানান, আতিকুল ইসলামের ছেলে ও মেয়ে বিকেলে তাদের বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। খেলা করার কোনো একপর্যায়ে সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়। পরে সেখানে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে এলাকাবাসী পুকুরে তল্লাশি চালায়। পরে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তাদের মৃত্যু হয়।
নিহত শিশুদের বাবা আতিকুল ইসলাম বলেন, দুই সন্তানকে একসাথে হারাইলাম। ওরা সবাইকে বলেই ওখানে খেলতে গিয়েছিল। কিন্তু আমরা কেউ বুঝতেই পারি নাই, কখন তারা পুকুরে নেমেছে। আমার আর কেউ থাকলো না। আমি এখন কীভাবে বাঁচবো।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আতিকুল ইসলামের দুই শিশু সন্তান বিকেলে তাদের বাড়ির পাশে পুকুরপাড়ে খেলার কোনো একসময় পুকুরের পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনি কোনো জটিলতা না থাকায় শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

