logo

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও বন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও এক নার্স নিহত হয়েছেন। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আড়াইহাজারে তাসফিয়া নামে এক শিশু ও বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রিতা হালদার নামে এক নারী নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, এদিন সকালে গাউছিয়া থেকে বিশনন্দী দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথিমধ্যে বড় বিনাইরচর এলাকায় দারুল উলুম মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু তাসফিয়া ঘটনাস্থলেই মারা যায়।

নিহত তাসফিয়া কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর এলাকার আবুল হোসেন ও নাসিমা বেগমের মেয়ে। এ ঘটনায় তারাও আহত হয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না করায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।

এদিকে বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে নিহত হয়েছেন রিতা হালদার। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামের খোকন বাড়ৈর স্ত্রী।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।