অসহায় রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে অসহায়, দুস্থ ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ছয়জন রোগীর প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকার চেক বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে ক্যানসার, কিডনি ও জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে।
চেক বিতরণ শেষে জনসাধারণের সেবা নিশ্চিত ও সরকারি কার্যক্রম আরও সহজলভ্য করার লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলা ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার বাস্তবায়নে কক্ষটি চালু করা হয়।
এ সময় টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা খাতুনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
