মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে ভাড়ায়চালিত একটি যাত্রীবাহী প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক আগুনের তাপে অসুস্থ হয়ে পড়েন।
রোববার (১৯ এপ্রিল) সকালে টেকনাফের বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাইভেটকার টেকনাফ শাপলা চত্বর থেকে ৪ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনার সময় গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। টেকনাফ কচুবনিয়া এলাকার (মালিক) গাড়ির চালক মো. ফিয়ার আলম আগুন লাগার ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার কারণে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে গাড়িটি পুড়ে গেছে।